আমাদের পরিচিতি
বাংলাদেশ মসজিদ মিশন
বাংলাদেশ মসজিদ মিশন একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও মানব উন্নয়নধর্মী সংস্থা, যা ১৯৭৩ সালে ২৫ শে নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত যার সমাজ কল্যাণ রেজিষ্ট্রেশন নং: ঢ-০৪০৯ এবং এনজিও রেজিষ্ট্রেশন নং: ৬৫৬। মরহুম মাওলানা আলাউদ্দিন আল-আযহারীর নিবেদিত নেতৃত্বে এবং দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ মসজিদ মিশনের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ মসজিদ মিশন মানুষের সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক ও মূল্যবোধভিত্তিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি বিশ্বাস করে, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; বরং এটি নৈতিক চেতনা, শিক্ষা, মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের একটি কার্যকর কেন্দ্র হতে পারে। এই বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশ মসজিদ মিশন মসজিদভিত্তিক সমন্বিত কমিউনিটি উন্নয়নের ধারণাকে বাস্তবায়নে কাজ করছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ। দেশের দুই লক্ষাধিক মসজিদ এবং বিপুলসংখ্যক ইমাম, খতিব ও মুয়াজ্জিন সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ মসজিদ মিশন এই সম্ভাবনাকে জাতি গঠন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা-প্রশিক্ষণ, সামাজিক সেবা এবং ইসলামী মূল্যবোধ প্রচারের মাধ্যমে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংস্থার মূল লক্ষ্য হলো মসজিদকে কেন্দ্র করে এমন একটি উন্নয়নধর্মী সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নৈতিকতা, সততা, মানবিকতা ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হবে। বাংলাদেশ মসজিদ মিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, মানুষের উন্নয়নই জাতির প্রকৃত উন্নয়ন; আর শিক্ষা, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই উন্নয়নের পথ সুদৃঢ় করা সম্ভব।